ঈদগাহ মাঠের অস্থায়ী দোকানে চাঁদা দাবি, যুবদল নেতাকে গণপিটুনি
2026-03-22 - 07:01
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদুল ফিতরের নামাজ শেষে চাঁদা তোলার অভিযোগে এক যুবদল নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ শেষে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঘটনাটি ঘটে। রাতেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিটুল নামে এক যুবদল নেতাকে ধাওয়া করে কিল-ঘুসি মারছেন অনেকে। এসময় তিনি গুরুতর আহত হন। বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। যদিও ইউনিয়ন বিএনপির সভাপতির দাবি, বিটুল ইউনিয়ন কমিটির কোনো পদে নেই। স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদকে কেন্দ্র করে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের জন্য মেলা বসে। মেলায় আগত ব্যবসায়ীদের থেকে ২০-৫০ টাকা করে আদায় করা হতো মাঠ পরিষ্কারের জন্য। তবে এবার ঈদে যুবদল নেতা বিটুল মেলায় আগত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যয় করা হবে বলে জানান। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ চাঁদা উত্তোলনে আপত্তি করে। তারপরও নামাজের পর বিটুলের নেতৃত্বে আশরাফুল, সহিদুলসহ কয়েকজন ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি করেন। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিটুলকে ধাওয়া করে গণপিটুনি দেয় লোকজন। পরে পালিয়ে বিদ্যালয়ের পাশে এক বাড়িতে আশ্রয় নেন বিটুল। খবর পেয়ে পুলিশ বিটুলকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম বলেন, বিদ্যালয় মাঠে কনসার্ট আয়োজনের জন্য মেলায় ব্যবসায়ীদের থেকে চাঁদা উত্তোলনের কথা জানানো হলে আমি নিষেধ করি। কিন্তু আমার নিষেধ উপেক্ষা করে চাঁদা উত্তোলন করতে গেলে গণ্ডগোল শুরু হয়। ঘটনার জেরে একজনকে স্থানীয়রা গণপিটুনি দেয় বলে শুনেছি। টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, ঈদগাহ মাঠে কিছু দোকান বসেছিল। সেখানে বিটুলসহ কয়েকজন অনুষ্ঠানের জন্য কিছু চাঁদা তুলছিলেন। বিষয়টি মুসুল্লি ও ব্যবসায়ীরা মেনে না নেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিটুল ইউনিয়ন কমিটির কোনো পদে নেই বলেও দাবি করেন এই বিএনপি নেতা। দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ঈদ উপলক্ষে মেলায় আগত অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ যাওয়ার আগেই ঘটনাটি প্রায় সমাধান হয়ে যায়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সফিকুল আলম/এফএ/জেআইএম