TheBangladeshTime

নারীরা ১১ দলীয় জোটে নিরাপদ: নাহিদ ইসলাম

2026-02-04 - 11:46

দেশের নারীদের সুরক্ষা দেবে ১১ দলীয় নির্বাচনি ঐক্য। এ জোট ক্ষমতায় আসলে নারী অধিকার নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগের সময় তিনি এ কথা বলেন। তাদের নারী কর্মীদের ওপর প্রতিপক্ষরা হামলা করছে এবং ভোটকেন্দ্রে আসতে না দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। এ দিন বেলা ১১টা থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান ঢাকা-১১ আসনের এ প্রার্থী। শুরুতে রাজধানীর রামপুরায় মৌলভীরটেক, বউ বাজার, চৌধুরী পাড়া ও পশ্চিম হাজিপাড়া এলাকায় গণসংযোগ করেছেন তিনি। এ ময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথাও শোনেন। দুপুরে রামপুরায় মাটির মসজিদ এলাকায় নারী ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নারীরা অপরিসীম ভূমিকা পালন করেন, তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ গড়ে তোলেন। আমরা সব সময় নারীদের পাশে থাকবো। তিনি বলেন, এনসিপি ও জামায়াতের ইসতেহারে নারীদের প্রাধান্য দেওয়া হবে। নারীদের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করবো। মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে। বিকেলে তালতলা মার্কেটে ব্যবসায়ী সমাবেশে যোগদান, মাটির মসজিদ চৌরাস্তায় উঠান বৈঠক এবং রাতে মালিবাগ জামেয়া মসজিদের পূর্ব গেটের সামনে উঠান বৈঠক করবেন নাহিদ ইসলাম। ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বাড্ডা থানা এলাকা, রামপুরা থানার টিভি সেন্টার, আফতাবনগর আবাসিক এলাকা, বনশ্রীর একাংশ, মহানগর প্রজেক্ট ও মালিবাগ-চৌধুরীপাড়া। এছাড়া ভাটারা থানার নতুন বাজার, বারিধারা সংলগ্ন এলাকা, নুরের চালা ও ছোলমাইদ এলাকাও এই আসনের অন্তর্ভুক্ত। এনএইচ/এমআইএইচএস

Share this post: