TheBangladeshTime

রাজবাড়ীতে তেল না থাকায় বন্ধ দূরপাল্লার অধিকাংশ যানবাহন

2026-03-15 - 06:45

ডিপো থেকে তেল না আসায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগু‌লোতে পাওয়া যাচ্ছে কোনো ধরনের জ্বালানি তেল। ফলে তেল সংকটে বন্ধ রয়েছে দূরপাল্লার অধিকাংশ যানবাহন। রোববার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী শহরের পেট্রোল পাম্পগুলো ঘুরে এমন চিত্র দেখা যায়। এ সময় তেলের জন্য শনিবার থেকে পাম্পে সি‌রিয়াল দিয়ে দাঁ‌ড়িয়ে থাকতে দেখা গেছে দূরপাল্লার বেশ‌ কিছু যাত্রীবা‌হী বাস, ট্রাক, কাভার্ডভ্যানকে। এচাড়া তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে মোটরসাইকেল চালকরা। খোঁজ নিয়ে জানা‌ গেছে, তেল না থাকায় রাজবাড়ী জেলা শহরের রাজবাড়ী, পলাশ ও কাজী ফি‌লিং স্টেশ‌নসহ জেলার প্রায় সব পেট্রোল পাম্পে গতকাল বিকেলের পর থেকে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে রাজবাড়ী থেকে ঢাকা, খুলনাসহ দূরপাল্লার বি‌ভিন্ন রুটে চলাচলরত অনেক যাত্রীবা‌হী বাস ও ট্রাক তেলের জন্য গতকাল থেকে পাম্পে দাঁ‌ড়িয়ে রয়েছে। ফলে যানবাহনসহ মোটরসাইকেল চালক ও কৃষকরা তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এন‌জিও কর্মী রুমন শেখ বলেন, আমি একজন এন‌জিওকর্মী, জেলার বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। ২০০ টাকার তেলে আমার কিছুই হয় না। তাছাড়া পাম্পে পাম্পে ঘুরতে বা সি‌রিয়ালে দাঁ‌ড়িয়ে তেল নি‌তে সময় চলে যায় এবং কাজের ব্যাঘাত ঘটে। সকাল থেকে শহরের কোনো পাম্পে তেল পা‌চ্ছি না। মোটরসাইকেল ঠেলে পাম্পে এসে দাঁ‌ড়িয়ে আছি। কখন তেল পাবো আর কখনই বা ফিল্ডে যাবো। এভাবে চলা যায় না। এর সমাধান প্রয়োজন। সরকারি প‌রিবহনের চালক খায়রুল ইসলাম বলেন, তেলের জন্য শনিবার থেকে পাম্পে সি‌রিয়ালে আছি। কিন্তু তে‌ল পাইনি। সি‌রিয়ালে না থাকলে তেল পাবো না, ফলে পাম্পেই দাঁ‌ড়িয়ে আছি। নিয়‌মিত আমাদের গা‌ড়ি রাজবাড়ী থেকে খুলনা যায়। গতকাল গা‌ড়িতে যাত্রী উঠিয়ে তেলের কারণে না‌মিয়ে দিতে বাধ্য হয়েছি। আজও যেতে পা‌রিনি। এভাবে চলতে থাকলে সমস্যা হয়ে যাবে। সৌহার্দ্য প‌রিবহনের কাজী রিমন বলেন, তেলের অভাবে আজ দুই দিন ঢাকার যাত্রী বহন করতে পারছি না। যাত্রী না‌মিয়ে তেলের জন্য পাম্পে বসে আছি। সামনে ঈদ, যাত্রী প‌রিবহন করতে হবে। কিন্তু তেলের সমস্যা থাকলে সবাই ভোগা‌ন্তি পড়বো। কার্ভাডভ্যানচালক আব্দুস সালাম বলেন, ঢাকা থেকে পণ্য নিয়ে এসে শনিবার কালুখালীতে না‌মিয়ে কয়েক পাম্প ঘুরে তেল না পেয়ে পলাশ পাম্পে এসে বিকেল থেকে দাঁ‌ড়িয়ে আছি। তেল না পেলে যাওয়ার উপায় নেই। কিন্তু আমার ভাড়া রয়েছে, তেলের কারণে যেতে পারছি না। রাজবাড়ী ফি‌লিং স্টেশনের ক্যাশিয়ার হা‌ফিজুল ইসলাম মিলন ও পলাশ ফি‌লিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার রুদ্র বলেন, গতকাল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল কোনো তেল নেই। আজও আসার সম্ভাবনা নেই। কিন্তু যাত্রীবা‌হী বাস, ট্রাক ও অন্য যানবাহনসহ মোটরসাইকেল চালকরা এসে ভিড় করছেন। চা‌হিদা অনুযায়ী ডিপো থেকে তেল আসছে না। তারপরও নিয়মিত পা‌চ্ছি না। এ অবস্থায় আমরাও বিপদে আছি। তারা আরও বলেন, ডিপো‌ থেকে তেল আসলে সবাইকে দিতে পার‌ব। তেল আসলেও ডিজেল, পেট্রোল ও অকটেন সব মি‌লিয়ে পাওয়া যায় মাত্র ৯ হাজার‌ লিটার। যা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। রুবেলুর রহমান/এনএইচআর/জেআইএম

Share this post: