TheBangladeshTime

টপ অর্ডারের তাণ্ডবে ফাইনালে ভারতের রেকর্ড সংগ্রহ

2026-03-08 - 15:24

নিজেদের গড়া রেকর্ড নিজেরাই ভাঙলো ভারত। গত আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। টপ অর্ডারের তাণ্ডবলীলায় এবার সেটি ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ৫ উইকেটে ২৫৫ রান জমা হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের বোর্ডে। নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের বিশাল সংগ্রহ। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিকদের এই রেকর্ড গড়ার সুযোগটা করে দেন নিউজিল্যান্ডর অধিনায়ক মিচেল স্যান্টনার। টস জিতে সূর্যদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। তাণ্ডবের শুরুটা করেন অভিষেক শর্মা। ১৮ বলে ফিফটি করে গড়েন বিশ্বকাপ নকআউটে দ্রুততম ফিফটির রেকর্ড। ৬ ওভারে বিনা উইকেট ৯২ রান করে ভারতও ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তোলে পাওয়ার প্লেতে। ২১ বলে ৫২ করে দলীয় ৯৮ রানে অভিষেক আউট হলেও ফর্মে থাকা সঞ্জু স্যামসন দিশেহারা করে তোলেন কিউই বোলারদের। স্যামসনের সঙ্গে যোগ দেন ইশান কিষান। দুজনের ঝড়ে মাত্র ১৫ ওভারেই দুইশ ছাড়ায় স্বাগতিকদের রান। টানা তিন ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও একটিও পাওয়া হয়নি স্যামসনের। ৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ৮৯ রান করে থামেন তিনি। ৬ বলের ব্যবধানে স্যামসনসহ আরও দুই ব্যাটারও সাজঘরে ফিরলে ২০৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। তাতে কিছুটা কমে যায় রানের গতি। জিমি নিশাম ফেরান ২৫ বলে ৫৪ রান করা ইশান কিষান ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। গোল্ডেন ডাকে ফেরেন স্বাগতিক দলপতি। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ করে আউট আউট হলে ২২৬ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ১৯ ওভার শেষে বোর্ডে তখন ২৩১। শেষ ওভার করতে আসেন নিশাম। প্রথম বলেই শিভম দুবের ক্যাচ ছেড়ে ৪ বানিয়ে দেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। জীবন পেয়ে সেই ওভারে ৩ চার ও দুই ছক্কায় ২৪ রান তোলেন দুবে। ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ রান করে অপরাজিত ছিলেন তিলক। আর ভারতের বোর্ডে জমা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ ২৫৫ রানের সংগ্রহ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন জিমি নিশাম। একটি করে ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। আইএন

Share this post: