চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক
2026-03-06 - 11:14
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটির প্রবেশমুখ এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তারা হলেন শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। শাহাব ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি ‘শীর্ষ সন্ত্রাসী’ শহিদুল ইসলাম বুইশ্যার ভাই। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বসবাস করেন। পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তারা অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ জানায়, শাহাবের বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, চুরি, ছিনতাইসহ দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। অপরদিকে পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমআরএএইচ/একিউএফ