বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটারকে নিষিদ্ধ করলো আইসিসি
2026-01-30 - 03:26
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের একাধিক অভিযোগে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। ৩১ বছর বয়সী জোন্সকে অভিযোগের জবাব দিতে আগামী ১৪ দিন সময় দেওয়া হয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, অভিযোগগুলোর বেশিরভাগই বার্বাডোজে অনুষ্ঠিত ২০২৩-২৪ মৌসুমের বিম-১০ টুর্নামেন্টে তার অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত। এছাড়া দুটি অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেট সংক্রান্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএ ক্রিকেট) এখনো কোনো মন্তব্য করেনি। সংস্থাটি রয়টার্সকে জানায়, স্বাভাবিক অফিস সময়ের বাইরে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারেনি। এদিকে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় অনুশীলনরত ১৮ সদস্যের যুক্তরাষ্ট্র দলের একজন ছিলেন অ্যারন জোন্স। তিনি দলের তারকা ব্যাটার ও গুরুত্বপূর্ণ সদস্য। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এখনো যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত দল ঘোষণা করেনি, তবে সাময়িক নিষেধাজ্ঞার কারণে জোন্স বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এমএমআর