TheBangladeshTime

ঈদগাঁওয়ে নূরুল আমিন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

2026-03-14 - 10:14

কক্সবাজারের ঈদগাঁও থানার আলোচিত নূরুল আমিন হত্যা মামলার প্রধান আসামি জয়নাল আবেদীনসহ (৪৫) তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যকশন ব্যাটিলিয়ন (র‍্যাব)। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাটহাজারীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানিক দল। র‍্যাব জানায়, নিহত নূরুল আমিন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাহারছড়া এলাকার বাসিন্দা। পূর্ব বিরোধের জেরে তিনি জয়নাল আবেদীনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলা আপস-মীমাংসা ও তুলে নেওয়াকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং নূরুল আমিনকে হত্যার হুমকি দেওয়া হয়। এর পরদিন ২২ জানুয়ারি ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বাহারছড়া সড়কে জয়নাল আবেদীন ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে নূরুল আমিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে ৫ ফেব্রুয়ারি ঈদগাঁও থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, হাটহাজারীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একই এলাকার কুয়াইশ সংযোগ সড়কে আরেকটি অভিযান চালিয়ে তার ছেলে মো. রায়হান (২২) এবং স্ত্রী রেহেনা বেগমকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এমএএইচ/

Share this post: