চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
2026-03-20 - 15:00
চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি গুপ্ত সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। দেশটির পুলিশ এই ঘটনার পেছনে কোনো ‘সন্ত্রাসবাদী যোগসূত্র’ আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে। চেক কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি চেক কোম্পানি এবং ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ছিল। শুক্রবার (২০ মার্চ) ভোরে অগ্নিসংযোগে কারখানার বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এলবিট সিস্টেমস মূলত ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য স্থল ও আকাশপথের অস্ত্র সরবরাহকারী প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশেষ করে গাজা এবং ইরানে চলমান যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের বড় একটি অংশ এই কোম্পানিটি সরবরাহ করে থাকে। হামলার পর ‘আর্থকোয়েক ফ্যাকশন’ নামে একটি গোষ্ঠী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনার দায় স্বীকার করেছে। বিবৃতিতে তারা বলেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে। আন্তর্জাতিক সরকারগুলোর কাছে অনুনয়-বিনয় করার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’ চেক পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা কেএএ/