TheBangladeshTime

ইরানের প্রতি উপসাগরীয় দেশে হামলা বন্ধের আহ্বান হামাসের

2026-03-14 - 11:54

ফিলিস্তিনি সংগঠন হামাস ইরানকে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে একই সঙ্গে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে। শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে হামাস তাদের ইরানি ভাইদের উদ্দেশে বলেছে, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা না চালাতে এবং চলমান সংঘাত বন্ধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে। হামাস বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সব ধরনের উপায়ে প্রতিরোধ গড়ে তোলার অধিকার রাখে। তবে এ ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সংঘাত থামানো এবং আঞ্চলিক ভ্রাতৃত্ব বজায় রাখা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হয়েছে বলে হামাস অভিযোগ করেছে। তাদের দাবি, এই সংঘাতে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর উপসাগরীয় কয়েকটি দেশ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ জানিয়েছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

Share this post: