TheBangladeshTime

খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

2026-03-06 - 09:04

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় ইরান দূতাবাসে খোলা শোক বইতে তিনি সই করেন। শোক বইতে স্বাক্ষরের সময় জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তার অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন। আরও পড়ুন রিজওয়ানা-খলিলুরকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের খামেনির মৃত্যুতে মামুনুল হকের সমবেদনা, দূতাবাসের শোকবইয়ে সই মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত- এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন। আরএএস/কেএসআর

Share this post: