TheBangladeshTime

এনসিপির জেলা আহ্বায়কসহ একসঙ্গে চার নেতার পদত্যাগ

2026-03-26 - 08:31

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ওই পদত্যাগপত্রের একটি অনুলিপি গণমাধ্যমে পাঠানো হয়েছে। পদত্যাগ করা অন্যরা হলেন- এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। পরে আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। এ কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, আমরা একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সোহান মাহমুদ/কেএইচকে/জেআইএম

Share this post: