TheBangladeshTime

ইরানের আত্মরক্ষার অধিকার আছে: রুশ মুখপাত্র

2026-03-12 - 15:44

জাতিসংঘের ৫১ অনুচ্ছেদ মোতাবেক বিশ্বের অন্যান্য দেশের মতোই ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এ কথা জোর দিয়ে বলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এক সংবাদ বিবৃতিতে মারিয়া জাখারোভা বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে যেমনটি অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। ইরান, পার্শ্ববর্তী আরব দেশ কিংবা অন্য কোথাও বেসামরিক লক্ষ্যবস্তু ও অবকাঠামোর ওপর হামলাকে আমরা অগ্রহণযোগ্য মনে করি। আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের আগ্রাসন বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। জাখারোভা আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়িত সব পক্ষের জন্য সংযম ও বাস্তববোধ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দ্বৈত মানদণ্ড পরিহার করে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানোর প্রচেষ্টায় ফিরে আসা উচিত। তিনি জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত কমাতে এবং বিরোধগুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে রাশিয়া পদক্ষেপ চালিয়ে যাবে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সবার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার প্রস্তাবিত সাধারণ ও অবিভাজ্য নিরাপত্তা ধারণা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সূত্র: তাস কে এম

Share this post: