TheBangladeshTime

এতিম শিক্ষার্থীদের নিয়ে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

2026-03-12 - 17:14

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এবং আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন মাদরাসা রাহমানিয়া হাফেজিয়ায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুটি ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় চার শতাধিক এতিম ও মাদরাসা শিক্ষার্থী অংশ নেন। আয়োজকেরা জানান, এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার করানো এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, গতানুগতিক জাঁকজমকপূর্ণ ইফতার না করে এই আয়োজনটি কেবল এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার করানোর উদ্দেশ্যেই গ্রহণ করা হয়েছে। সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবছর রমজান মাসেই একাধিক দিন সমাজের অবহেলিত শ্রেণি, বিশেষ করে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। আমাদের এই প্রয়াসটির মাধ্যমে আমরা তাঁর সেই মহতী উদাহরণকেই অনুসরণ করার চেষ্টা করছি। অনুষ্ঠানটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভুঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় কমিটি ও হল পর্যায়ের নেতাকর্মীরা। এফএআর/কেএএ

Share this post: