TheBangladeshTime

ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর নজিরবিহীন হামলা: ২৪ ঘণ্টায় ১০৩ অভিযান

2026-03-28 - 04:20

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ১০০টিরও বেশি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। শুক্রবার (২৭ মার্চ) হিজবুল্লাহর মিডিয়া শাখার এক বিবৃতিতে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক এই হামলার সংখ্যা ১০৩-এ পৌঁছেছে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সম্মুখ যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত এবং একটি মেরকাভা ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে যার ফলে আপার গ্যালিলি অঞ্চলের মিতোলা বসতিতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, লেবানন থেকে বিপুলসংখ্যক রকেট নিক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ওপর লক্ষ্যভিত্তিক হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, অ্যাক্রি শহরের পূর্বে এলিয়াকিম ও টিফন ঘাঁটি এবং হাইফা শহরের জেভ এয়ার ডিফেন্স ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া আরও একটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক ধ্বংস করার কথাও জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতেও সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ লেবাননের ম্হাইসিবাত ও কান্তারা উচ্চভূমির মধ্যবর্তী স্থানে আরেকটি মেরকাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একইসঙ্গে নাকোরা এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে কাছাকাছি দূরত্বে সরাসরি সংঘর্ষ এবং ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। এদিকে উত্তরের সীমান্তে চাপ বাড়তে থাকায় ইসরায়েলি বাহিনী অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। রকেট হামলার অংশ হিসেবে প্রথমে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয় যা গ্যালিলি ও হাইফা উপসাগরীয় অঞ্চলে আঘাত হানে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা বে থেকে জারিয়েত এবং কারমেইল পর্যন্ত বিস্তৃত এলাকায় একযোগে হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র আক্রমণগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ক্রমবর্ধমান এই হামলা ও পাল্টা সংঘর্ষ ইঙ্গিত দিচ্ছে যে, লেবানন সীমান্তে সংঘাত আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা প্রায় ১৫০০ জন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১১৪০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি কে এম

Share this post: