TheBangladeshTime

নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে জরুরি ১০ নির্দেশনা

2026-03-28 - 19:51

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে আয়োজন করতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, প্রতিটি কক্ষে দেয়ালঘড়ি স্থাপন ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করাসহ নানা বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের নিরাপত্তা জোরদার, মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের তল্লাশির মতো পদক্ষেপের মাধ্যমে অনিয়ম রোধে নেওয়া হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতি। শনিবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। মাউশি জানিয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো- ১. এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। ২. যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে। ৪. সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। ৬. কেন্দ্রসচিব ব্যতিত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। ৭. এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৮. পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। ৯. পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে। ১০. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এএএইচ/এনএইচআর

Share this post: