TheBangladeshTime

টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

2026-02-13 - 09:26

১৯তম ওভারে ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার শেষ ভরসা ম্যাট রেনশ। জিম্বাবুয়ের জয় নিশ্চিত হয়ে গেলো তখনই। ৮ বলে ৩১ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হাতে ২ উইকেট। অজিরা আর পারেনি। কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৭০ রানের। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ৫৯ বলে ৭৭ রানের জুটিতে গ্লেন ম্যাক্সওয়েল আর ম্যাট রেনশ বিপদ কাটিয়ে উঠেছিলেন। কিন্তু ৩২ বলে ৩১ রানে ম্যাক্সওয়েল বোল্ড হলে ফের চাপে পড়ে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস, ডোয়ারসুইশরা দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের মুজারাবানি ৪টি আর ব্র্যাড ইভান্স নেন ৩টি উইকেট। এর আগে ব্রায়ান বেনেটের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে। ওপেনার বেনেট ৫৬ বলে ৭ বাউন্ডারিতে করেন অপরাজিত ৬৪ রান। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫, রায়ান বার্ল ৩০ বলে ৩৫ আর শেষদিকে সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ২৫ রান। এমএমআর/এমএন

Share this post: