TheBangladeshTime

যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

2026-03-17 - 06:44

শুরু হয়েছে ঈদের ছুটি। এই ছুটিতে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপন নীড়ে নিরাপদে ছুটে যাচ্ছেন সবাই। এর মধ্যে স্বস্তির খবর হলো এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। ফলে স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ। মঙ্গলবার ( ১৭ মার্চ) সকাল থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত কোথাও যানজট লক্ষ্য করা যায়নি। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ কিছুটা বাড়লেও নেই তেমন যানজট। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবোঝায় গাড়ির সংখ্যাও কমে গেছে। ঢাকা থেকে চট্টগ্রামুখী কিছু পণ্যবাহী গাড়ি দেখা গেছে। এদিকে মহাসড়কে যানজট ও চুরি ডাকাতিসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম জেলার প্রবেশদ্বার ধুমঘাট ব্রিজ থেকে বড় দারোগারহাট পর্যন্ত সীতাকুন্ড উপজেলার সিটি গেইট পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কে সারাদেশের মতো তৎপর রয়েছে পুলিশ। বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে চলাচল করা চয়েস বাসের চালক জসীম উদ্দিন জানান, ঈদে গাড়ি চালানো নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। বিগত এক সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোর সামনে যানজট লেগে ছিল। এছাড়া সীতাকুণ্ডের কিছু স্পটেও যানজট লেগে থাকে। তবে ওই তুলনায় রাস্তা ফাঁকা বলা যায়। চট্টগ্রাম শহর থেকে মিরসরাইয়ের মস্তাননগর আসা উত্তরা বাসের যাত্রী আবু নছর বলেন, মাদারবাড়ি থেকে দেড় ঘণ্টায় গন্তব্যে চলে আসছি। কোথাও যানজট ছিল না। অন্যবছরের তুলনায় স্বস্তির যাত্রা ছিল। জানা গেছে, মহাসড়কের পাশে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ, ফিটনেসবিহীন গাড়ি জব্দ, তিন চাকার গাড়ি আটক এবং ছিনতাই রোধে কুইক সার্ভিস টিম প্রস্তুত রয়েছে। সড়কে বিকল গাড়ি মেরামতের জন্য ৪টি গ্যারেজ, ১টি রেকার, দুর্ঘটনায় জরুরি সেবা দিতে ১টি অ্যাম্বুলেন্স, ২টি মোবাইল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, মহাসড়কে ঈদ যাত্রী নিরাপদ করতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। মহাসড়কের যেসব এলাকায় বাজার ও বাসস্ট্যান্ড রয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ তিন চাকার গাড়ি মহাসড়কে ফেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহাসড়কের একাধিক স্থানে সিসি ক্যামেরার মাধ্যমে সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছি। মহাসড়কে কোনো ধরনের যানজট ও অপ্রীতিকর ঘটনা নেই। বিগত সময়ের মধ্যে এবার একেবারে স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছে লোকজন। এম মাঈন উদ্দিন/এনএইচআর/এএসএম

Share this post: