ট্রফি প্যারেড করবে সেনেগাল, জার্সিতে যুক্ত করবে দ্বিতীয় তারকা
2026-03-28 - 15:30
সেনেগালকে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা থেকে বঞ্চিত করা হলেও নিজেদের অবস্থানে অনড় দেশটির ফুটবল ফেডারেশন। কনফেডারেশন্স অব আফ্রিকান ফুটবল বা সিএএফ শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেও, সেনেগাল নিজেদেরই প্রকৃত বিজয়ী হিসেবে দাবি করছে। এই বিতর্কের মধ্যেই ফ্রান্সে সমর্থকদের সামনে আফকন ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সেনেগাল। প্যারিসে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, নিজেদের জার্সিতেও বড় পরিবর্তন এনেছে সেনেগাল। ২০২১ সালের শিরোপার সঙ্গে ২০২৫ সালের দাবিকৃত শিরোপা যুক্ত করে জার্সিতে দ্বিতীয় তারকা যোগ করেছে তারা। যদিও গত বছর আগস্টে পুমার তৈরি জার্সিতে উৎপাদনগত সীমাবদ্ধতার কারণে একটি তারকা রাখার কথা বলা হয়েছিল, এখন সেটি পরিবর্তন করা হয়েছে। প্যারিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুলায়ে ফল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফুটবলের ইতিহাসে এটি সবচেয়ে জঘন্য প্রশাসনিক ডাকাতি।’ তিনি জানান, খেলোয়াড়দের সম্মান রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এজন্য তারা সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস-এ আপিল করেছে। সেনেগালের আইনজীবী সেদু দিয়াগনে এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স ও সেনেগালের আন্তর্জাতিক আইনজীবীদের নিয়ে শক্তিশালী একটি দল গঠন করা হয়েছে, যারা এই মামলায় লড়বে। ঘটনার সূত্রপাত আফকন ফাইনালের ফলাফল পরিবর্তনকে কেন্দ্র করে। মূল ম্যাচে সেনেগাল অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল। কিন্তু আপিল বোর্ডের সিদ্ধান্তে সেই ফল বাতিল করে স্বাগতিক মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। সেনেগালের আইনজীবীরা সতর্ক করে বলেছেন, যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, তবে ভবিষ্যতে বড় টুর্নামেন্টের ফলাফলও আদালতে নির্ধারিত হতে পারে। দিয়াগনের ভাষায়, ‘এভাবে চলতে থাকলে বিশ্বকাপের চ্যাম্পিয়নও আইনজীবীদের অফিসে নির্ধারিত হবে।’ ইতোমধ্যে সেনেগালের আপিল গ্রহণ করেছে সিএএস, তবে শুনানির নির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি। সাধারণত এ ধরনের মামলার নিষ্পত্তি হতে কয়েক মাস সময় লাগে। তবে সেনেগাল দ্রুত বিচার প্রক্রিয়ার আবেদন জানাবে এবং আশা করছে, সিএএফ ও মরক্কো ফেডারেশন এতে সম্মতি দেবে, যাতে দুই মাসের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি সম্ভব হয়। এদিকে সেনেগাল সরকারও এই ইস্যুতে সরব হয়েছে। তারা সিএএফের ভেতরে সম্ভাব্য দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। আইনজীবীরা ইতোমধ্যে খতিয়ে দেখছেন, আপিল বোর্ডের সদস্যদের মধ্যে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন কি না। সবকিছু মিলিয়ে, আফ্রিকান ফুটবলে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে এই ঘটনা। মাঠের লড়াইয়ের পর এবার আদালতের লড়াইয়ে নেমেছে সেনেগাল, আর শেষ পর্যন্ত কে ‘আসল’ চ্যাম্পিয়ন—তার উত্তর মিলবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই। আইএইচএস/