বজ্রপাতের ঝুঁকি নিরসনে জনসচেতনতা বাড়াতে ডিসিদের কাছে চিঠি
2026-03-19 - 09:51
বজ্রপাতের ঝুঁকি নিরসনে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান দেশের সব জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সরকার ২০১৬ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। বিগত বছরগুলোতে বজ্রপাতে কমবেশি ৩০০ থেকে ৪০০ জন মানুষের মৃত্যু হয়েছে এবং এ ধারাবাহিকতা চলমান রয়েছে। জনসচেনতা বৃদ্ধিই বজ্রপাতে দুর্যোগ ঝুঁকিহ্রাসে কার্যকরী পন্থা। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলির ২০১৯ (এসওডি) অনুচ্ছেদ নম্বর- ৩.১.১১ এর ফোকাল পয়েন্ট অপারেশনাল কো-অর্ডিনেশন গ্রুপ (এফপিওসিজি) সভায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পাঠদানের সময় বজ্রবৃষ্টি ও বজ্রপাতের সতর্কীকরণ জরুরি বার্তা প্রচারের সুপারিশ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। সর্বসাধারণের জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে সুবিধাজনক সময়ে বজ্রপাতে করণীয় বিষয়ক সতর্ক বার্তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এছাড়া অন্যান্য ধর্মীয় উপসনালয়েও সুবিধাজনক সময়ে একই ধরনের সতর্কীকরণ বার্তা প্রচারের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে এবং এ সংক্রান্ত গৃহীত কার্যক্রমের ওপর মাসিক প্রতিবেদন আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে। এমতাবস্থায়, জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বজ্রপাতে করণীয় বিষয়ক সতর্কীকরণ কার্যক্রম গ্রহণ এবং এ সংক্রান্ত মাসিক প্রতিবেদন প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। আরএমএম/এমআইএইচএস