অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব জব্দ
2026-03-15 - 15:53
অনলাইনে বিমানের টিকিট বুকিংয়ের নামে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে টিকিট না দেওয়ার অভিযোগে অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জহির রায়হান আদালতে এ আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান এফইবিডি লিমিটেড (ফ্লাইট এক্সপার্ট) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের জন্য অগ্রিম অর্থ গ্রহণ করতো। তবে অনেক ক্ষেত্রে গ্রাহকদের টিকিট সরবরাহ না করে সেই অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত বছরের ২ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম তার বর্তমান অফিস বন্ধ করে কানাডায় চলে যান। সিআইডির আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন গ্রাহক ও সাব-এজেন্সি বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ জমা দিয়েছেন। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন। অন্যথায় এসব হিসাবে থাকা অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। সিআইডির তথ্য অনুযায়ী, ফ্রিজ করা এসব ব্যাংক হিসাবে বর্তমানে মোট চার কোটি ১০ লাখ ৯৪৬ দশমিক ৫২ টাকা জমা রয়েছে। এমডিএএ/এমকেআর