TheBangladeshTime

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

2026-03-04 - 11:44

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটে হুমকির মুখে থাকা সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা রক্ষায় ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছেন, তার বিমানবাহী রণতরী চার্লস দ্য গলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ও এ লক্ষ্য বাস্তবায়নে একটি জোট গঠনে কাজ করছে। টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সুয়েজ খাল ও লোহিত সাগরের নৌ-রুটও বর্তমান সংঘাতের কারণে হুমকির মুখে থাকায় এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। ম্যাক্রোঁ বলেন, আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রয়োজন রয়েছে, কারণ এই যুদ্ধের ফলে তেলের দাম, গ্যাসের দাম ও বৈশ্বিক বাণিজ্যের পরিস্থিতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, ফ্রান্স এরই মধ্যে একটি ফ্রিগেট সাইপ্রাসে পাঠিয়েছে ও দেশটির উপসাগরীয় মিত্রদের লক্ষ্য করে ছোড়া ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ফরাসি সামরিক সম্পদের মধ্যে রাফালে যুদ্ধবিমানও ব্যবহৃত হচ্ছে বলে জানান ম্যাঁক্রো। ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমাদের কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে। আমিরাত বর্তমানে বিশেষভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ও তাদের প্রতি সংহতি প্রদর্শন করা আমাদের দায়িত্ব। তিনি আরও জানান, অঞ্চল ছাড়তে ইচ্ছুক ফরাসি নাগরিকদের দেশে ফেরাতে সহায়তা করা হচ্ছে ও মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় দুটি ফ্লাইট প্যারিসে পৌঁছেছে। ফ্রান্সের কিছু স্থানে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে, যোগ করেন তিনি। সূত্র: রয়টার্স এসএএইচ

Share this post: