তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ, বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে
2026-03-22 - 06:41
কুমিল্লা, ফেনী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। সব মিলিয়ে চার জেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪২ জন। শনিবার (২১ মার্চ) গভীর রাত থেকে রোববার (২২ মার্চ) সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব জানা গেছে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু। তারা সবাই বাসের যাত্রী। তবে এখনো হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (২২ মার্চ) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। ৫ জন আহত হন। অপরদিকে হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- পিকআপ চালক সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আছমার স্বামী। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এদিকে বান্দরবানের সুয়ালকে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৫টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক কিউবি রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে ভর্তি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস বান্দরবান প্রবেশের মুখে সুয়ালক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। এফএ/জেআইএম