TheBangladeshTime

রমজানে ৪০ হাজার মানুষ পাবে টিসিবির ন্যায্যমূলের পণ্য

2026-02-17 - 11:56

পবিত্র রমজান মাস উপলক্ষে ঝিনাইদহে ন্যায্য ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে। পর্যায়ক্রমে উপজেলা শহর ও অন্যান্য বড় বাজার এলাকায়ও এসব পণ্য বিক্রি করা হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা শহরের পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রমজানের ২০ দিনে মোট ৪০ হাজার নিম্নআয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিটি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর। পুরো প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২০ টাকা। প্যাকেজে থাকা পণ্যগুলোর মধ্যে প্রতিকেজি ভোজ্যতেল ১১৫ টাকা, ডাল ৭০ টাকা, চিনি ৮০ টাকা, ছোলা/বুট ৬০ টাকা এবং ৫০০ গ্রাম খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির ঝিনাইদহ ক্যাম্প সূত্র জানিয়েছে, কার্ডধারী সুবিধাভোগীরা যথাযথ নিয়মে নিয়মিত ন্যায্য ও ভর্তুকিমূল্যে পণ্য কিনতে পারছেন। কার্ডধারী ছাড়াও সাধারণ নিম্নআয়ের মানুষের জন্য ঝিনাইদহ শহরের পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ট্রাকে করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল, পুরাতন ডিসি কোর্ট চত্বর, আরাপপুর মোড়, মহিষাকুণ্ডু মোড় ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এসব পণ্য বিক্রি করছে টিসিবি। টিসিবির ঝিনাইদহ ক্যাম্পের উপ-পরিচালক মো. আকরাম হোসাইন বলেন, প্রথম দিনে ঝিনাইদহ শহরের পাঁচটি পয়েন্টে দুই হাজার মানুষের মাঝে দুই হাজার প্যাকেজ বিক্রি করা হবে। ১২ মার্চ পর্যন্ত ট্রাকের মাধ্যমে জেলার অন্যান্য এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হবে। মোট ২০ দিন এই বিক্রয় কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, রমজানের ২০ দিনে মোট ৪০ হাজার নিম্ন আয়ের মানুষের কাছে আমরা ন্যায্যমূল্যের পণ্য পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছি। এম শাহজাহান/এসআর/এএসএম

Share this post: