শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য: রেঞ্জ ডিআইজি
2026-03-08 - 14:04
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেছেন, পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। প্রতিটা পরিবারের উচিত সন্তানদের প্রতি নজরদারি করা। রোববার (৮ মার্চ) পূর্ব রূপসা ঘাট বাসটার্মিনাল এলাকায় রূপসা থানা পুলিশ আয়োজিত অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলে অপরাধ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তবে মানুষ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায়, তাহলে তা দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ আনিসুজ্জামান, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রাফিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আরিফুর রহমান/এএইচ/এমএস