ভৈরবের ফিলিং স্টেশনে তেল সংকট, ভোগান্তিতে চালকরা
2026-03-09 - 08:44
কিশোরগঞ্জের ভৈরবের ফিলিং স্টেশনগুলিতে অকটেন, পেট্রোল সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা। চাহিদা থাকলেও প্রত্যেক চালককে তাদের মোটরসাইকেলের জন্য ২-৩শ’ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না। সোমবার (৯ মার্চ ) দুপুরে ভৈরব শহরের ভাই ভাই ফিলিং স্টেশন, মিন্টু মিয়া ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল চালকরা জ্বালানি নিতে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। এসময় কথা হয় মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম সবুজের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, সকালে পাম্পে তেল নিতে আসলে তারা বলে ডিপো থেকে তেল দিচ্ছে না, তাই আমাদের তেল দেয়নি। সকাল ১০টার পর তেল দিতে পারে৷ এখন এসে দেখি সিরিয়াল ধরে বাইকারদের তেল দিচ্ছে। লাইনে দাঁড়িয়েছি তেল নিতে। আরেক মোটরসাইকেল চালক মো. মামুন হাসান বলেন, গাড়ির তেলের জন্য রাতেও পাম্পে এসেছিলাম তখন দেখি ১ লিটার করে তেল দিচ্ছে পরে বাসায় চলে যাই। আজকে তেল নিতে এসে দেখি গাড়ির দীর্ঘ লাইন। প্রতিজনকে ২-৩শ’ টাকার বেশি তেল দিচ্ছে না। অনেক ফিলিং স্টেশনে তেল দিচ্ছে না। তারা বাড়তি দামের আশায় তাদের পাম্পে তেল মজুত করে রেখেছে। ভৈরবের ভাই ভাই ফিলিং স্টেশন মালিক মো.জালাল উদ্দিন জানান, আমাদের পাম্পে এতোদিন যে পরিমাণ পেট্রোল, অকটেন ছিল তা গ্রাহকদের চাহিদা মতো এতোদিন সরবরাহ করেছি। এখন আমাদের কাছে অকটেন, পেট্রোল পর্যাপ্ত মজুত নেই, ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া যাচ্ছে না। প্রতিদিন ডিপো থেকে হাফ গাড়ি করে ডিজেল দিচ্ছে তা যানবাহনে সরবরাহ করছি। পেট্রোল, অকটেন এখন যা আছে তা সরকারি ডিপার্টমেন্ট ও মোটরসাইকেল চালকদের ২-৩শ’ টাকা করে দিচ্ছি। এর বেশি দিতে পারছি না। রাজীবুল হাসান/এনএইচআর/জেআইএম