TheBangladeshTime

৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

2026-03-17 - 11:21

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথসহ দেশের আট বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ এবং বিদ্যমান উপাচার্যদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পৃথকভাবে আটটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তবে প্রজ্ঞাপনগুলো সোমবার (১৬ মার্চ) সই করা হয়েছে। অব্যাহতি পেলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে মর্মে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামছুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও পড়ুন একদিনে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর এক ঘোষণায় ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিদায় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকেও অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পেলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. রইছ উদ্দীন নিয়োগ পেয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। নিয়োগে যেসব শর্ত আট বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগে কিছু শর্তারোপ করা হয়েছে। সেগুলো হলো- উপাচার্য পদে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে; উপাচার্য পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে উপাচার্যদের সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার এখতিয়ার রাখেন বলেও শর্তে উল্লেখ করা হয়েছে। এর আগে সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে ব্রিফিং করে সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে মঙ্গলবার প্রকাশিত প্রজ্ঞাপনে সেই তালিকায় আরও একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। সেটি হলো- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এএএইচ/এমএএইচ/

Share this post: