ইন্দুরকানীর নাম পাল্টে পুনরায় রাখা হলো ‘জিয়ানগর’
2026-03-03 - 14:53
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করেছে। নিকার-এর ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। গত বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর বৈঠকে নাম পরিবর্তনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮.৬৭ বর্গকিলোমিটার এলাকায় ১৯৭৬ সালে গঠিত ইন্দুরকানী থানা। ২০০২ সালের ২১ এপ্রিলে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ‘জিয়ানগর’ উপজেলা নামকরণ ঘোষণা করেন। সেই সময় সংসদ সদস্য ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। এরপর ২০১৭ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় পুনর্বিবেচনার পর উপজেলা ১৫ বছর পর ‘ইন্দুরকানী’ নামে পুনঃনামকরণ করা হয়। জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীসহ আমরা আনন্দিত। আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাম পরিবর্তন করে ইন্দুরকানী করেছিল। মো. তরিকুল ইসলাম/কেএইচকে/এমএস