প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, হাজার কোটি টাকা ঋণ দিতে চিঠি
2026-03-22 - 10:10
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ‘ভুয়া গেজেট’ প্রকাশ করে প্রতারণার অভিযোগে আরিফ মহিউদ্দিন নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি বলছে, ওই ব্যক্তি নিজেকে প্রতিমন্ত্রী দাবি করে দুদক বরাবর চিঠি দেন। এছাড়াও হাজার কোটি টাকা ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেন। গ্রেফতার ব্যক্তি ভুয়া গেজেট প্রকাশ ও গুম কল্যাণ ট্রাস্ট নামের আরেকটি সংগঠনের সরকারি সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে পাঠায় প্রতারণার জন্য—বলছে ডিবি। রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গতকাল শনিবার (২১ মার্চ) সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় কক্সবাজার থেকে অরিফ মহিউদ্দিনকে গ্রেফতার করে ডিবির একটি টিম। আসামির বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পাহাড়িকা গ্রামে। শফিকুল ইসলাম বলেন, আমরা কিছু তথ্য ও ডকুমেন্টের ভিত্তিতে জানতে পারি, আরিফ মহউদ্দিন নামের একজন ব্যক্তি বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তিনি নিজেকে কোনো সময় ড. আরিফ মহিউদ্দিন, কোন সময় শুধু মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে এসব প্রতারণা করতেন। গতকাল তাকে কক্সবাজার থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়। ডিবিপ্রধান আরও বলেন, জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অ্যাডভাইজর হিসেবে পরিচয় দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন জামিলের সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করে বিভিন্ন লোকের কাছে পাঠায় এবং একটা সরকারি গেজেটে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পোস্ট করে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই রয়েছে। আসলে এমন একটি প্রকৃত গেজেট সে এডিট করে নিজের নাম বসিয়েছে। এটা সে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠাচ্ছে। ‘গ্রেফতার আরিফ মহিউদ্দিন গুম কল্যাণ ট্রাস্ট নামের একটি সংগঠনের সরকারি সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছে। একজন সরকারি ঊধ্বর্তন কর্মকর্তাকে এটির সভাপতি ও নিজেকে সদস্যসচিব ঘোষণা করে সে এই সংগঠনের নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রী দাবি করে দুদক বরাবর চিঠি লিখেছে। বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে এক হাজার কোটি টাকা ঋণ দেওয়ার জন্য।’ তিনি বলেন, গ্রেফতার ব্যক্তির মোবাইল ফোন প্রাথমিকভাবে যাচাই করে আমরা অসংখ্য প্রতারণার তথ্য পেয়েছি। তাকে গ্রেফতার করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাচ্ছি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনের আওতায় নেওয়া হবে। এর আগে আরিফ মহিউদ্দিন কখনো আটক হয়েছেন কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, একটি মামলায় আগেও আটক হয়েছিল। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য ২০২৪ সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডি করা হয়েছিল। সাইবার মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে। পাঁচ বছরের সেই সাজা এখন কোন পর্যায়ে আছে, আমরা তা খতিয়ে দেখছি। কেআর/এমকেআর