খামেনির তিন দিনের শেষ বিদায় অনুষ্ঠান শুরু হবে আজ
2026-03-04 - 10:04
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার (৪ মার্চ) শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ। প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন। ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে, বুধবার রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে এই শহীদ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত লোকজন। ৮৬ বছর বয়সী আলী খামেনিকে তার জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে সমাহিত করার কথা রয়েছে। এদিকে ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন- আজই এই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে ইরানের পরবর্তী উত্তসূরি সবাইকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। যিনিই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার এক বিবৃতিতে তিনি ইরানকে হুমকি দিয়ে বলেন, খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তারা হত্যা করবেন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ বলেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী কর্তৃক ইসরায়েলের ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাওয়ার জন্য, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব এবং এই অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়ার জন্য এবং ইরানি জনগণকে দমন করার জন্য নির্বাচিত যেকোনো নেতাকে হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তার নাম যাই হোক না কেন বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন পরিণতি একই হবে। টিটিএন