TheBangladeshTime

আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন

2026-03-17 - 05:14

দেশীয় রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি আমদানিকারকের নামে ইস্যু করে পাঠানো যাবে। এ বিষয়ে সোমবার একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের পক্ষে বিদেশি আমদানিকারক বা তাদের অনুমোদিত অন্য কোনো পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করতে পারবে। নতুন এই ব্যবস্থার ফলে রপ্তানিকারকরা ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের কাছে পাঠাতে পারবেন। তবে রপ্তানি আয় নির্ধারিত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিপমেন্টের জন্য বৈধ রপ্তানি আদেশ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে। পাশাপাশি বিদেশি ক্রেতার যথার্থতা যাচাই করাও বাধ্যতামূলক। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে রপ্তানিকারকদের সহায়তা করতেই এই সুবিধা দেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক দ্রুত পণ্য ছাড়ের সুবিধার্থে শিপিং ডকুমেন্ট নিজের নামে ইস্যু করতে চান। নতুন এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার মধ্যে রপ্তানিকারকদের ব্যবসা পরিচালনা আরও সহজ হবে। একই সঙ্গে রপ্তানি আয় সময়মতো দেশে ফেরত আনার বিষয়টিও নিশ্চিত করা যাবে। ইএআর/এমএমএআর

Share this post: