সৌদিতে বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত
2026-03-28 - 02:30
সৌদি আরবের যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স-এর এক প্রতিবেদনে আহতের সংখ্যা ১২ জন বলা হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে বলে নিশ্চিত করেছে দ্য জেরুজালেম পোস্ট। এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশসীমায় আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আকাশে শোনা বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফল। অন্যদিকে বাহরাইনেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়। এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটির আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানায়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, তাই হামলা চালানোর আগে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১১৪০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোইটিসের কর্মকর্তা মারিয়া মার্টিনেজ জানান, ইরানে যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন। কেএম