ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
2026-03-03 - 11:44
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অসংখ্য গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। এই বার্তায় আরও বলা হয়েছে যে, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই কম্পাউন্ডটি ব্যবহার করেছিলেন। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। চ্যানেল-১২ জানিয়েছে, একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের শহর পেতাহ তিকভাতে আঘাত হানে। এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের টুকরো মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে। সূত্র: বিবিসি এমএসএম