TheBangladeshTime

পদ্মায় বাসডুবি: সকাল ৮টা থেকে ফের শুরু হবে উদ্ধার কাজ

2026-03-26 - 23:41

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান রাত্রিকালীন মুলতবি রাখা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম চালু iবে। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসডুবির ঘটনায় এ পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বাস থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে পুরুষ আটজন, নারী ১১ জন, শিশু পাঁচজন। শিশুদের মধ্যে ছেলে শিশু চারজন এবং কন্যাশিশু একজন। ফায়ার সার্ভিস আরও জানায়, ফায়ার সার্ভিস ২৩ জন এবং স্থানীয় জনতা দুজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া নৌবাহিনীর ডুবুরিরা একজনকে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। দুর্ঘটনার পর রাতেই পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধারকারী যান হামজার ক্রেনের সহায়তায় পানির নিচ থেকে তোলা হয়। বাসটি উদ্ধারের পর থেকেই মরদেহের সংখ্যা বাড়তে থাকে। তবে ঘটনার শুরুতেই স্থানীয় লোকজন পদ্মা নদী থেকে দুই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এর আগে, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। টিটি/জেএইচ

Share this post: