TheBangladeshTime

বাবা-ভাইকে নিয়ে আসছে জাহিদ নিরবের গান

2026-03-18 - 10:11

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা গেয়েছেন জাহিদ নিরবের সুর ও সংগীতে। তার নিজেরও রয়েছে শ্রোতাপ্রিয় গান। এবার বাবা-ভাই সবাইকে নিয়ে প্রথমবারের মতো গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে করা ‘শুকরিয়া হাসনাহ’ শিরোনামের কাওয়ালী ঘরানার গানটি মুক্তি পাবে চাঁদ রাতে। জাহিদ নিরবের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। পাশাপাশি প্রাইম ব্যাংক নিবেদিত এ গানের ভিডিও উন্মুক্ত করা হবে প্রাইম ব্যাংকের অফিসিয়াল চ্যানেলে। জাহিদ নিরব বলেন, ‘বাসায় আমরা সব সময় একসঙ্গে গান করি। আব্বা হারমোনিয়াম বাজান, আমি মাইক্রোফোনের সামনে গাই- এভাবেই আমার সংগীত জীবনের শুরু। বড় ভাই জুবায়েদ আল নাঈম তবলা, ছোট ভাই হাসিবুল নিবিড় গিটার, আর মেহেদী হাসান তামজিদ রাবাব বাজিয়েছেন। মুন্সীগঞ্জের সেই মঞ্চের পরিবেশনা এবার গান আকারে প্রকাশ করছি।’ মঞ্জুর এলাহির কথায় সাজানো গানটি নিয়ে আরও বলেন, ‘অসাধারণ কথা। আমরা প্রতিনিয়ত সৃষ্টিকর্তার যে অসংখ্য নিয়ামতের মধ্যে বেঁচে আছি, তার কতটুকুই বা শুকরিয়া করি। সেই উপলব্ধি থেকেই গানটি করা।’ প্রাইম ব্যাংকের একটি জিঙ্গেল থেকে গানটি করেছেন উল্লেখ করে বলেন, ‘গানটি মূলত প্রাইম ব্যাংক হাসানাহ-এর একটি জিঙ্গেল ছিল। গানের ভাবনা ও কথাগুলো আমার খুব ভালো লাগে, তাই অনুমতি নিয়ে পুরো গানটি তৈরি করি। গান প্রকাশে ভিডিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক দিনের সহযাত্রী কাওসার ইসলাম প্রান্ত ও তার টিম আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে।’ এবারের ঈদটা জাহিদ নিরবের জন্য আলাদা। কেননা গেল বছর যৌথ জীবনে পা রেখেছেন তিনি। বিয়ের পর এবারই প্রথম ঈদ। গায়কের কথায়, ‘এবারের ঈদ আমার জন্য বিশেষ। বিয়ের পর প্রথম ঈদ। সবকিছুই একটু আলাদা লাগছে।’ তবে দম ফেলার সময় নেই। নিয়মিত কাজের পাশাপাশি ঈদের কাজ নিয়ে ভরপুর ব্যস্ততা। ঈদের ছবি ‘বনলতা এক্সপ্রেসে’র পুরো সংগীত পরিচালনার দায়িত্ব ছিল তার কাঁধে। রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায়ও একটি গান থাকছে তার সংগীতায়োজনে। ঈদের বেশ কয়েকটি নাটকের গানেরও কাজ করেছেন জাহিদ। এর বাইরে নিয়মিত ব্যস্ততার মধ্যে রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর কাজ। সিরিয়ালটির মিউজিক ডিরেক্টর তিনি। ঈদে বিশেষ এপিসোড আসছে ধারাবাহিকটির। এলআইএ

Share this post: