TheBangladeshTime

মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোকে হারাতে পারবে রিয়াল?

2026-03-22 - 08:01

লা লিগায় প্রথম পর্বে অ্যাটলেটিকোর মাঠে গিয়ে ৫-২ গোলে হেরে এসেছিল রিয়াল মাদ্রিদ। যে পরাজয় কোচ জাবি আলোনসোর বিদায় তরান্বিত করেছিল। ফিরতি লেগের ম্যাচের আগে স্প্যানিশ সুপার কোপায় একবার মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ২-১ গোলে জয় পেয়েছিল রিয়াল। লা লিগার ফিরতি লেগে আজ আবার মুখোমুখি হচ্ছে মাদ্রিদের দুটি দল রিয়াল এবং অ্যাটলেটিকো। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, শিরোপা দৌড়ে বার্সেলোনার সাথে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। আর হেরে গেলে বর্তমানে ৪ পয়েন্টের যে ব্যবধান রয়েছে, সেটা বেড়ে দাঁড়াতে পারে ৭ পয়েন্টে। তখন লা লিগা শিরোপা পুরোপুরি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রিয়ালের। এমন একটি ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে স্বস্তির খবর- দলটির অন্যতম সেরা তারকা জুদ বেলিংহ্যাম পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন এবং নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত। বিষয়টি নিশ্চিত করেছেন রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া। রোববারের এই হাই-ভোল্টেজ লা লিগা ম্যাচকে সামনে রেখে বেলিংহ্যামের ফেরা নিঃসন্দেহে রিয়ালের জন্য বড় শক্তি। গত ১ ফেব্রুয়ারি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর এখন তিনি ম্যাচের জন্য প্রস্তুত। আর্বেলোয়া ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘সে (বেলিংহ্যাম) এখন পুরোপুরি প্রস্তুত। দলে থাকবে, এমনকি খেলার সম্ভাবনাও রয়েছে। মাঠে তাকে আবার দেখতে আমি মুখিয়ে আছি। সে খুব বুদ্ধিমান খেলোয়াড়, যে কোনো পরিস্থিতিতে কী করতে হবে জানে।’ বেলিংহ্যামকে ইংল্যান্ড কোচ থমাস টুখেল আসন্ন আন্তর্জাতিক ম্যাচের জন্য দলে ডাকলেও, বিষয়টি নিয়ে কোনো উদ্বেগ নেই রিয়াল কোচের। তার মতে, এমন তারকাদের জাতীয় দলে ডাক পাওয়াটা স্বাভাবিক, বিশেষ করে যখন বিশ্বকাপ ঘনিয়ে আসছে। রিয়ালের আরেক সুপারস্টার কিলিয়ান এমবাপেও ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। হাঁটুর চোট থেকে ফিরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি। আর্বেলোয়া বলেন, ‘যেদিন সে ফিরবে, সেদিনই ১০০% থাকবে—আমি আগে থেকেই বলেছিলাম। ম্যানচেস্টারে আমরা সেটা দেখেছি। সে এখন পুরোপুরি প্রস্তুত।’ এমবাপেও জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন, যেখানে ফ্রান্স মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়ার। বেলিংহ্যাম ও এমবাপের মতো তারকাদের একসঙ্গে খেলানোর ক্ষেত্রে কিছু কৌশলগত পরিবর্তন আনতে হতে পারে বলে জানিয়েছেন কোচ। তিনি বলেন, ‘ব্রাহিম দিয়াজের সঙ্গে খেলার ধরন আর এমবাপে বা বেলিংহ্যামের সঙ্গে খেলার ধরন এক নয়। তাই কিছু পরিবর্তন আনতেই হবে। তবে তারা সবাই অভিজ্ঞ এবং দলের জন্য কাজ করতে জানে।’ চলতি মৌসুমের প্রথম লিগ সাক্ষাতে অ্যাটলেটিকোর কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে উন্নতি এসেছে, যা এই ডার্বিতে আত্মবিশ্বাস জোগাবে। গোলরক্ষক থিবো কোর্তোয়ার ইনজুরি নিয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। অন্যদিকে ডিফেন্ডার আন্তোনি রুডিগারের প্রশংসায় পঞ্চমুখ কোচ আর্বেলোয়া। এমনকি মজার ছলে বলেন, ‘রুডিগারের জন্য আমি আমার বাগানে একটা মূর্তি বানিয়ে রাখতাম!’ সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদের জন্য এটি শুধু একটি ডার্বি ম্যাচ নয়- এটি সম্মান পুনরুদ্ধার এবং শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার লড়াই। বেলিংহ্যাম ও এমবাপ্পের মতো তারকাদের ফেরা এই ম্যাচকে আরও জমজমাট করে তুলেছে। এখন দেখার বিষয়, মাঠে কে হাসে শেষ হাসি। আইএইচএস/

Share this post: