শরবত ভেবে এবং অন্যান্য
2026-03-17 - 06:34
শরবত ভেবে পৃথিবী আজ ডলারের সঙ্গে করেছে সমঝোতার শান্তিচুক্তি। ধূসর মস্তকে আটকে থাকে বিভীষিকা অন্ধকার সমুদ্রগামী সুখদ জাহাজের নিয়ন্ত্রণ জলদস্যুদের হাতে। শরবত ভেবে ডুবে আছি শতাব্দীর অন্ধকারে দেখেছি ভিনদেশি জাহাজসহ হাঙরের হা-মুখের তিরস্কার; একে একে উন্মোচিত হয়েছে মানুষের অলীক সমীহ; কালো মুখোশ। **** ইতিহাস ও অন্ধকার ডুবেছি শতাব্দীর গভীর অন্ধকারে সাপের খোলসের মতো গায়ে জড়িয়েছি বিষণ্নতা এক শোকার্ত মাফলার কীভাবে অতিক্রম করতে হয় মানব চত্বরে দীনতা, মুর্খতা, হীনম্মন্যতার ব্যারিকেড ভেঙে ফেলতে ফেলতে কেটে যাচ্ছে দিবস-রজনী। একটি জীবন কেবল দিয়েছে রিয়েলিজমের সুর গতকাল একটি কবিতার সঙ্গেও হয়েছে বোঝাপড়া মাউন্ট এভারেস্ট অভিযানে যন্ত্রণার আভিজাত্য তাদের পরাভূত করতে কি অপারগ আমার চেতনা? জানি, অবলীলায় শতাব্দীর অন্ধকার পেরোবো একদিন। পৃথিবীতে ইতিহাসও হবো। **** প্রতিভা হারিয়ে যাচ্ছে একটি কবিতা, একটি জীবনের পুরোভাগ বুঝে উঠতে ভেঙে যাচ্ছি, ক্রমশ হিমশিম খাচ্ছি নৈশভোজে একটি সমঝোতার টেবিলে বসিনি বলেই আজ আমাকে তাড়ায় দীনতার ক্ষয়িষ্ণু ভাইরাস। সব আয়োজন রসাতলে নেমে যাচ্ছে হেরে যাচ্ছে একরাশ বর্ণমালা ঝরে যাচ্ছে স্বাতন্ত্র্য প্রতিভা। একটি কবিতায় লেখা আছে নাম। কতদিন লেখা থাকবে? এসইউ