TheBangladeshTime

যুদ্ধবিমান রাখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

2026-03-20 - 11:40

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে নিজেদের যুদ্ধবিমান মোতায়েন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সরাসরি তা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। শুক্রবার (২০ মার্চ) শ্রীলঙ্কার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এ তথ্য নিশ্চিত করেছেন। লঙ্কান প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৪ থেকে ৮ মার্চের মধ্যে জিবুতির একটি ঘাঁটি থেকে দুটি মার্কিন যুদ্ধবিমান দক্ষিণ শ্রীলঙ্কার মাতালা আন্তর্জাতিক বিমানবন্দরে রাখতে চেয়েছিল ওয়াশিংটন। কিন্তু শ্রীলঙ্কা সরকার এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। যুদ্ধবিমান দুটিতে আটটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছিল। নিরপেক্ষ অবস্থান শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকেই দেশটি বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আসছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের সঙ্গেই শ্রীলঙ্কার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে চলমান সংঘাতে কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থাকতে চায় দেশটি। আঞ্চলিক উত্তেজনায় চাপে শ্রীলঙ্কা তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী অভিযানের জেরে শ্রীলঙ্কাও কূটনৈতিক চাপের মুখে পড়েছে। মার্চের শুরুতে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে। ওই হামলায় অন্তত ৮৭ জন ইরানি নাবিক নিহত হন। বেঁচে যাওয়া বাকি নাবিকদের পাশাপাশি মরদেহগুলো উদ্ধার করে লঙ্কান নৌবাহিনী। মার্কিন চাপ উপেক্ষা করে এরই মধ্যে নিহত নাবিকদের মরদেহ ইরানে পাঠিয়েছে শ্রীলঙ্কা। সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান কেএএ/

Share this post: