TheBangladeshTime

ভাঙন পেরিয়ে ভোগ কভারে সামান্থা

2026-03-03 - 06:13

আত্মবিশ্বাস, শারীরিক শৃঙ্খলা আর ভেতরের পুনর্জন্ম এই তিন শব্দেই যেন এখনকার সামান্থা রুথ প্রভুকে সংজ্ঞায়িত করা যায়। জীবনের সবচেয়ে ঝড়ঝাপটা অধ্যায়গুলো পার করে তিনি দাঁড়িয়েছেন এক নতুন শক্ত অবস্থানে। আর সেই রূপান্তরের গল্পই উঠে এসেছে ভোগ ইন্ডিয়ার মার্চ সংখ্যার কভার স্টোরিতে। মুম্বাইয়ের ব্রিদ স্টুডিওতে ওয়ার্কআউটের ফাঁকে দেওয়া এক খোলামেলা আলাপে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী, প্রযোজক ও উদ্যোক্তা জানান, গত কয়েক বছর তার জীবনে ছিল টালমাটাল সময়ের অন্য নাম। চার বছরেরও বেশি সময় ধরে মায়োসাইটিসের সঙ্গে লড়াই, ব্যক্তিগত সম্পর্কের ভাঙন এবং সবকিছু জনসমক্ষে সামলানোর চাপ, এসবের মাঝেও নিজেকে ভেঙে পড়তে দেননি তিনি। বরং ধীরে ধীরে গড়ে তুলেছেন এক নতুন মানসিক দৃঢ়তা। সামান্থার কথায়, ফিটনেস শুধু শরীরচর্চা নয়; এটি এখন তার মানসিক স্থিরতার অবলম্বন। নিয়মিত ব্যায়াম, আত্মসম্মান পুনর্গঠন এবং কাছের মানুষের ভালোবাসা গ্রহণ করার মধ্য দিয়েই তিনি খুঁজে পেয়েছেন নিজের ভেতরের ভারসাম্য। ক্যারিয়ারের দিক থেকেও তিনি এখন বহুমাত্রিক ব্যস্ততায় ডুবেছেন। আসন্ন তেলেগু সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ এ তাকে দেখা যাবে এক শান্ত স্বভাবের গৃহবধূর চরিত্রে, যার ভেতরে লুকিয়ে আছে তীব্র লড়াকু সত্তা। চরিত্রের এই দ্বৈততা যেন সামান্থার ব্যক্তিগত জীবনসংগ্রামেরই প্রতিফলন। শুধু অভিনয় নয়, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ট্রালালা মুভিং পিকচার্সের মাধ্যমে নির্মাণেও পা রেখেছেন তিনি। পাশাপাশি তার ফ্যাশন লেবেল ট্রুলি স্মা, অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড মাইল কালেকটিভ এবং পারফিউম ব্র্যান্ড সিক্রেট অ্যালকেমিস্ট সব মিলিয়ে সামান্থার উদ্যোক্তা সত্তাও সমান তালে এগোচ্ছে। ভোগ ইন্ডিয়ার কভারে একেক ফ্রেমে একেক রূপে ধরা দিয়েছেন। তিনি কোথাও দৃপ্ত, কোথাও সংযত, কোথাও বা অনাবৃত আত্মবিশ্বাসে উজ্জ্বল। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে এক নারীর পুনর্জন্মের গল্প। যিনি ভাঙনকে পরাজয় নয়, নতুন শুরু হিসেবে বেছে নিয়েছেন। এই মুহূর্তে সামান্থা যেন কেবল একজন তারকা নন; তিনি হয়ে উঠেছেন স্থিরতা, সাহস আর আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক। জেএস/

Share this post: