লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি: আসিফ মাহমুদ
2026-03-04 - 16:14
একটি অভিযোগের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে তরুণ এই রাজনীতিবিদ বলেছেন, আমার জনগণের কাছে লুকানোর কিছু নেই। এই সৎ সাহস আছে বলেই কাউকে কুর্নিশ করতে হয়নি, সমঝোতা করতে হয়নি। মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি। সোমবার (২ মার্চ) সব ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদের তথ্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বুধবার (৪ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, আমার ব্যাংক হিসাব তলব করা হয়েছিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে। আমার কাছ থেকে নয়। সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠাবে। তিনি এতে আরও লেখেন, জনগণের কাছে স্বচ্ছতা ও জবাব নিশ্চিতের লক্ষ্যে আমি পরিবারের মোট ৪ জনের ৯টি অ্যাকাউন্টের সব তথ্য প্রকাশ করেছি। তথ্য প্রমাণ না থাকায় তারা বারবার বিভ্রান্তিকর নিউজ করে চরিত্রহননের উপায় বেছে নিয়েছে। শেষে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা লেখেন, আমার জনগণের কাছে লুকানোর কিছু নেই। কোনো অনিয়ম করিনি। এই সৎ সাহস আছে বলেই কাউকে কুর্নিশ করতে হয়নি, সমঝোতা করতে হয়নি। মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি। যে কোনো চ্যালেঞ্জ নিয়েছি এবং ভবিষ্যতেও নিতে প্রস্তুত আছি। এএমএ