TheBangladeshTime

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৩০

2026-03-20 - 11:11

ময়মনসিংহের ভালুকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং ৬০ বছর বয়সী একজন বৃদ্ধ। দুজনই বাসের যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাটি বাসটি শেরপুরের নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া ওই বৃদ্ধের মৃত্যু হয়। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। হতাহতের বিষয়টি নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

Share this post: