চকবাজারে বাসায় ঝুলছিল ঢামেক হাসপাতালের নার্সের মরদেহ
2026-03-06 - 14:04
রাজধানীর চকবাজার থানার হোসেনি দালান এলাকার একটি ভাড়া বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নাহিদা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৬ মার্চ) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নাহিদা সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনি এলাকার আখতার হোসেনের মেয়ে। বর্তমানে চকবাজারের হোসেনি দালান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউসার জানান, বৃহস্পতিবার দিনগত রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে চকবাজারের হোসেনি দালান এলাকার একটি ভবনের ষষ্ঠতলার বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মো. কাউসার আরও জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে নাহিদা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাহিদার ফুফাতো ভাই ফরহাদ রহমান জানান, স্বামী ইলিয়াসের সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল নাহিদার। আমরা জানতে পেরেছি, নাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ইলিয়াস। এ নিয়ে গত বছরের জানুয়ারিতে নাহিদা একটি মামলাও করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে কিছুদিন কারাগারেও ছিলেন ইলিয়াস। পরে কারাগার থেকে বের হয়ে দুজনের মধ্যে আপস-মীমাংসা হয়। কাজী আল আমিন/এমএমকে