TheBangladeshTime

কোচিং স্টাফে বাধ্যতামূলক নারী অন্তর্ভুক্তি আনছে ফিফা

2026-03-20 - 08:02

নারী ফুটবলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ফিফার আয়োজিত প্রতিটি নারী টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর কোচিং স্টাফে অন্তত একজন নারী (হেড কোচ বা সহকারী কোচ) থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মটি প্রথম কার্যকর হবে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ থেকে। এরপর ধাপে ধাপে এটি প্রয়োগ করা হবে বড় আসরগুলোতে, যেমন ২০২৭ সালের নারী বিশ্বকাপ, নারী চ্যাম্পিয়ন্স কাপ এবং প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী ক্লাব বিশ্বকাপ। ফিফার এই উদ্যোগের মূল লক্ষ্য নারী কোচের ঘাটতি দূর করা এবং ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো। এ বিষয়ে সাবেক কোচ জিল এলিস বলেন, বর্তমানে কোচিংয়ে নারীর সংখ্যা খুবই কম। পরিবর্তন আনতে হলে আমাদের আরও সুযোগ তৈরি করতে হবে এবং তাদের দৃশ্যমানতা বাড়াতে হবে। পরিসংখ্যান বলছে, সমস্যাটি বেশ গভীর। ২০২৩ সালের নারী বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে মাত্র ১২টির হেড কোচ ছিলেন নারী। এমনকি ছয়টি দলে কোনো নারী কোচই ছিল না—না হেড কোচ, না সহকারী কোচ। ফিফা সভাপতি জিয়ান্সি ইনফ্যান্তিনো আগেই এই বিষয়টি স্বীকার করেছিলেন। তিনি বলেন, ফুটবলে নারীদের নেতৃত্বে আরও এগিয়ে আনতে হবে এবং নারী কোচের সংখ্যা বাড়ানো জরুরি। নতুন এই নিয়মকে শুধু একটি বাধ্যবাধকতা নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবেও দেখছে ফিফা। এর সঙ্গে কোচদের জন্য উন্নয়নমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমও বাড়ানো হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব শুধু আন্তর্জাতিক ফুটবলে নয়, ঘরোয়া লিগ ও যুব পর্যায়েও পড়বে। এতে ভবিষ্যতে আরও বেশি নারী কোচ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই উদ্যোগ নিয়ে কিছু বিতর্কও রয়েছে। সমর্থকরা বলছেন, এমন কাঠামোগত পরিবর্তন ছাড়া অগ্রগতি সম্ভব নয়। অন্যদিকে সমালোচকদের মতে, শুধু নিয়ম করলেই হবে না—কোচিং শিক্ষা, সুযোগের অভাব এবং নিয়োগে বৈষম্যের মতো সমস্যাগুলোরও সমাধান করতে হবে। ইতোমধ্যে এমা হায়েস, সারিনা ওয়াইম্যান এবং জেমা গ্রেইনারের মতো নারী কোচরা আন্তর্জাতিক পর্যায়ে সফলতা দেখিয়ে সম্ভাবনার প্রমাণ দিয়েছেন। এখন দেখার বিষয়, আসন্ন টুর্নামেন্টগুলোর আগে বিভিন্ন দেশ কীভাবে নিজেদের কোচিং কাঠামো সাজায় এবং এই নতুন নিয়ম বাস্তবায়ন করে। এমএমআর

Share this post: