TheBangladeshTime

অরিজিতের পর এবার গান নিয়ে বড় ঘোষণা দিলেন শ্রেয়া ঘোষাল

2026-03-04 - 14:24

বছরের শুরুতে অরিজিৎ সিং-এর ঘোষণায় চমকে গিয়েছিলেন সংগীতপ্রেমীরা। প্লেব্যাক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। এবার গানের নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন শ্রেয়া ঘোষাল। একটি নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না বলে সাফ জানিয়ে দিলেন জনপ্রিয় এই গায়িকা। ক্যারিয়ারে ‘মেরে ঢোলনা’ থেকে ‌‌‘চিকনি চামেলি’ নানাধরনের গান গেয়েছেন শ্রেয়া। বিশেষ করে ‘চিকনি চামেলি’ তাকে ভিন্ন মাত্রার জনপ্রিয়তা এনে দেয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ‘সাজেস্টিভ’ বা নারীদের অবজেক্টিফাই করে এমন গান আর গাইবেন না। শ্রেয়ার কথায়, ‘চিকনি চামেলি’ গানটি শুধুই মজার ছিল না, এর মধ্যে শিল্পগুণও ছিল। কিন্তু এখন তিনি অনেক বেশি সচেতন। জনপ্রিয় গান মানেই মঞ্চে গাইতে হয়, সেখানে শিশু-কিশোরদের সামনেও পরিবেশন করতে হয়। গানের কথায় আপত্তিকর ইঙ্গিত থাকলে তা গাইতে অস্বস্তি হয় বলেই জানান তিনি। তিনি আরও বলেন, অতীতে এমন অনেক গানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যেখানে নারীদের অসম্মান করা হয়েছে বলে তার মনে হয়েছে। এমনকি এক গীতিকার বন্ধুর লেখা একটি গানও প্রত্যাখ্যান করেন, যার একটি লাইনে ছিল নারীদের ‘বস্তু’ হিসেবে উপস্থাপন করার ইঙ্গিত। তবে স্পষ্ট করে দিয়েছেন, অতীতে গাওয়া গান নিয়ে তার অনুশোচনা নেই। কিন্তু ভবিষ্যতে গান বাছাইয়ে আরও সতর্ক থাকবেন তিনি। শ্রেয়া বলেন, ‘আমার গানটা ভাল লেগেছিল, তাই গেয়েছি। তবে এই ধরনের গান আর রেকর্ড করব না।’ অরিজিতের পর এবার শ্রেয়ার এই ঘোষণা সংগীতমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এলআইএ

Share this post: