TheBangladeshTime

মাঝ আকাশে ঘণ্টাখানেক চক্কর কাটলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান

2026-03-26 - 15:41

উত্তরবঙ্গে গত মঙ্গলবার ২৪ মার্চ নির্বাচনি প্রচারে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের উত্তরবঙ্গের নির্বাচনি প্রচারণা শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) কলকাতায় ফেরার সময় ঝড়ের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমান। তাই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে মাঝ আকাশেই বেশ কিছুক্ষণ অবস্থান করে বিমানটি। মাঝ আকাশে চক্কর খাওয়ার প্রায় এক ঘণ্টা পর বিমানটি সুরক্ষিতভাবে অবতরণ করে। জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টে ১০ মিনিট নাগাদ মমতা ব্যানার্জির বিমান অবতরণ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের পর প্রায় ৪৫ মিনিট পেরিয়ে গেলেও কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি বিমানটি। হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির কারণেই মমতা ব্যানার্জি-র বিমান অবতরণ করতে পারেনি। ঝড়ের গতি বেগ এতটাই বেশি ছিল যে, বিমানবন্দরের সামনে মুখ্যমন্ত্রীর জন্য যে অস্থায়ী শামিয়ানার ব্যবস্থা করা হয়েছিল, সেটিও উল্টে যায়। ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। কলকাতা আলিপুর আবহাওয়া দফতর পরিচালক হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগের থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দমদমের বিভিন্ন এলাকায় দুর্যোগের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। স্থানীয় এলাকায় বজ্রবিদ্যুসহ ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। ডিডি/কেএম

Share this post: