TheBangladeshTime

কবি নজরুলের চার গজল নিয়ে আসছেন বিপ্লব সাহা

2026-03-18 - 06:00

দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ- এর কর্ণধার বিপ্লব সাহা এবার ভিন্ন পরিচয়ে হাজির হচ্ছেন। সংগীতপ্রেমী এই উদ্যোক্তা কণ্ঠে তুলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চারটি জনপ্রিয় নাতে রাসুল। সেগুলো একসঙ্গে ম্যাশআপ আকারে প্রকাশ পেতে যাচ্ছে শিগগিরই। ফ্যাশন জগতের পাশাপাশি দীর্ঘদিন ধরেই শখের বসে গান করে প্রশংসা কুড়াচ্ছেন বিপ্লব সাহা। এর আগে কোনাল, দিনাত জাহান মুন্নি, আঁখি আলমগীর, ঐশীসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি। বিভিন্ন উৎসব উপলক্ষে তার গাওয়া মৌলিক ও কাভার গানও প্রকাশ পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার নজরুলের চারটি বহুল জনপ্রিয় নাতে রাসুল গেয়েছেন তিনি। গানগুলো হলো ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’, ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’ এবং ‘আল্লাহকে যে পাইতে চায়’। বিপ্লব জানান, ‘চারটি নাতে রাসুলকে আলাদাভাবে প্রকাশ না করে চারটি গান মিলিয়ে একটি ম্যাশআপ তৈরি করা হয়েছে।’ এই সংগীতায়োজনের কম্পোজিশন করেছেন রাজন সাহা। তিনি এর আগেও বিপ্লব সাহার বেশ কিছু গানের সুর ও সংগীতায়োজন করেছেন। জানা গেছে, খুব শিগগিরই গানগুলোর ভিডিও সংস্করণ প্রকাশ করা হবে। বিপ্লব সাহা বলেন, তিনি মূলত শখের বশেই গান করেন এবং বিশেষ উপলক্ষকে ঘিরেই গান প্রকাশের চেষ্টা করেন। দীর্ঘদিনের একটি আক্ষেপ থেকেও এই কাজটি করেছেন উল্লেখ করে তিনি জানান, পূজায় গান প্রকাশ পেলেও ঈদে তার গান না আসায় অনেকেই প্রশ্ন তুলতেন। সেই জায়গা থেকেই এবারের এই উদ্যোগ। তিনি আরও বলেন, নজরুলের জনপ্রিয় চারটি নাতে রাসুল গাওয়ার সাহস জুগিয়েছেন সুরকার রাজন সাহা। ভবিষ্যতেও এ ধরনের কাজ চালিয়ে যেতে সবার দোয়া কামনা করেন তিনি। এলআইএ

Share this post: