TheBangladeshTime

৪৪ বছর পর সাবিনা ইয়াসমিন নতুন সিনেমায় গাইলেন ‘এই মন তোমাকে দিলাম’

2026-03-12 - 07:24

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। চার দশকেরও বেশি সময় ধরে গানটি শ্রোতাদের আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘ ৪৪ বছর পর আবারও সিনেমার জন্য গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন। নতুন সংগীতায়োজনে গানটি ব্যবহার করা হয়েছে ‘দম’ সিনেমায়। মূল গানটির কথা লিখেছিলেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। নতুন সংস্করণে গানটির শিরোনাম আগের মতোই রাখা হলেও এতে কিছু নতুন কথা যুক্ত হয়েছে, যা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির নতুন সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। গত ১১ মার্চ রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং অনুষ্ঠিত হয়। এই সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। রেকর্ডিংয়ের ফাঁকে সাবিনা ইয়াসমিন বলেন, নতুন গানটি তার ভালো লেগেছে বলেই তিনি কাজটি করতে রাজি হয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করতেও তাঁর ভালো লাগে বলে জানান তিনি। রেকর্ডিং শেষে সিনেমাটির অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরির অভিনয়েরও প্রশংসা করেন এই কিংবদন্তি শিল্পী। সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ একটি আবেগঘন গল্পের সিনেমা। দর্শকের নানা অনুভূতিকে স্পর্শ করতে পারে এমন একটি গান তারা সিনেমায় রাখতে চেয়েছিলেন। তার ভাষ্য, ‘এই মন তোমাকে দিলাম’ এখন শুধু একটি গান নয়, এটি একটি জাতির অনুভূতি ও স্মৃতির অংশ। নির্মাতা আরও জানান, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল ও মেয়ে দিঠি আনোয়ার আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। গানটির রেকর্ডিংয়ের সময় তারাও উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রযোজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাহরিয়ার শাকিল জানান, গাজী মাজহারুল আনোয়ার ও সাবিনা ইয়াসমিনের অসংখ্য জনপ্রিয় গানের কথা মাথায় রেখেই এই পরিকল্পনার শুরু। দীর্ঘ চেষ্টা শেষে সাবিনা ইয়াসমিনকে দিয়ে গানটি গাওয়াতে পারা তাদের জন্য বড় প্রাপ্তি। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এবং চরকি। ‘দম’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ছবিটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। এলআইএ

Share this post: