TheBangladeshTime

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

2026-01-29 - 09:11

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীন তিন বছর মেয়াদি ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়বর্ষে মোট ৯৩ দশমিক ৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। তার আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থায় রূপ দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, মাদরাসা পরিদর্শক মো. গিয়াস উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী- এ বছর তিন বর্ষে মোট এক লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ ১১ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। ফলাফল স্থগিত রয়েছে ৩০৯ জন শিক্ষার্থীর। পাসের হার প্রথম বর্ষে ৮৮ দশমিক ৮৪ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৬ দশমিক ৪২ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৭ দশমিক ৭১ শতাংশ। গত ২৫ অক্টোবর ১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.result.iau.edu.bd পাওয়া যাবে। এদিকে, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, যে সব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের আবেদন করতে হবে না। পরবর্তী ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এএএইচ/এমআরএম

Share this post: