পাকিস্তান স্কোয়াডে ৬ নতুন মুখ, যা বলছেন বাংলাদেশের স্পিন কোচ
2026-03-05 - 13:04
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। ১১ মার্চ থেকে শুরু হবে সিরিজ, সব ম্যাচই হবে মিরপুরে। বাংলাদেশ সফরে অন্তত ৬ জন নতুন মুখ নিয়ে আসছে পাকিস্তান। যেখানে বাবর আজম, সাইয়ুম আইয়ুবদের মধ্যে তারকারা জায়গা পাননি। দলে এত নতুন মুখ নিয়ে পাকিস্তানেই সমালোচনা শুরু হয়েছে। যদিও বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ সোহেল ইসলাম মনে করছেন, এটা পাকিস্তানের কৌশল। স্বাভাবিকভাবেই স্কোয়াড ঘোষণার পর প্রশ্ন উঠেছে পাকিস্তান কি বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে? আজ মিরপুরে ক্রিকেটারদের প্রস্তুতি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোহেল ইসলাম বলেন, ‘না, না। আপনি চিন্তা করবেন যে যেহেতু শুরু হয়েছে এবং ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাদের (পাকিস্তান) নিজস্ব কিছু কৌশল ও পরিকল্পনা রয়েছে। তারা কীভাবে আসলে ক্রিকেটারদের দেখবে, নতুন ক্রিকেটারদের নেওয়া যায় কিনা, এগুলো একেকটা নির্ভর করে। অথবা তারা কীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে এবং সেই ক্রিকেটারদের কীভাবে কাজে লাগাবে, সেটা নির্ভর করে।’ সবশেষ আবুধাবিতে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই শক্তিশালী। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফর্ম্যান্স নিম্নমুখী। এ প্রসঙ্গে সোহেল বলেন, ‘তিন সংস্করণের মধ্যে আমরা তুলনামূলক ওয়ানডে ভালো খেলি। যেহেতু আমাদের ঢাকা লিগ হয় এবং ওয়ানডেতে আমাদের আগের রেকর্ডও ভালো। আশা করব যেন দ্রুত মানিয়ে নিতে পারে। যে প্রস্তুতি হচ্ছে, সেটা দিয়ে...এটা সব দলের জন্য সমান। এমন না যে পাকিস্তান ওয়ানডে খেলার মধ্যে ছিল। তারাও টি-টোয়েন্টির মধ্যে ছিল। এখন এসে খেলছে।’ উল্লেখ্য, সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। পাকিস্তান দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও তাদের স্কোয়াড চূড়ান্ত করেনি। এসকেডি/এমএমআর