বাসার-পারসাকে জুটি করে পান্থ কানাইয়ের কণ্ঠে এলো নতুন ‘চুমকি’
2026-03-22 - 10:41
ঈদুল ফিতরের দিনে ইউটিউব দর্শকদের জন্য নতুন উদ্দীপনা এনেছেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই। খুরশীদ আলমের কালজয়ী গান ‘চুমকি চলেছে একা পথে’-এর রিমেক ভার্সন প্রকাশ পেয়েছে ‘আবার চুমকি’ শিরোনামে। গানটির নতুন অডিও ও মিউজিক ভিডিও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ‘আবার চুমকি’ গানটির কথা লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান, এবং সংগীত পরিচালনা করেছেন বিবেক। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এটি মূলত নস্টালজিক সেটিংয়ে নির্মিত হয়েছে। এতে সত্তরের দশকের বাংলা সিনেমার আবহ ফুটিয়ে তোলা হয়েছে। গানচিত্রটিতে মডেল হিসেবে দেখা গেছে খায়রুল বাসার ও পারসা ইভানাকে। খায়রুল বাসার বলেন, ‘‘চুমকি চলেছে একা পথে’ আমাদের প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয়। আবার চুমকি গানে কাজ করা ভিন্ন অভিজ্ঞতা। অংশু ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গানটিতে ফান ও উৎসবের দারুণ মুড রয়েছে।’ পান্থ কানাই বলেন, ‘খুরশীদ আলমের গানটি একটি কালজয়ী সৃষ্টি। রিমেক করার পর দর্শক-শ্রোতাদের সাড়া পেয়ে অনুপ্রাণিত হয়েছি। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি এই ‘আবার চুমকি’ গানটি ঈদের উৎসবকে আরও প্রাণবন্ত করবে।’ ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু জানান, ‘গানটি মূলত আনন্দময় ও ফান-লাভিং। ‘চুমকি চলেছে একা পথে’-এর ঐতিহ্য মাথায় রেখেই নতুনভাবে ভিডিও নির্মাণ করা হয়েছে। সেট, কস্টিউম এবং পারফরম্যান্স সবকিছুতেই সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো জুটি হয়ে ধরা দিয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওতে নিজেও ছোট আভিজাত্য সহ উপস্থিত ছিলেন পান্থ কানাই, যা গানের আনন্দময় পরিবেশকে আরও বাড়িয়ে দিয়েছে। এলআইএ