নায়িকার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই
2026-03-20 - 05:21
এ যেন সেই প্রবাদের মতোই অবস্থা! ‘যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই’। তেমনি বছরের পর বছর ধরে বিয়ের গুঞ্জনের শিকার ‘বাহুবলী’ ছবির নায়িকা দেবসেনা চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া আনুশকা শেঠি। গেল কয়েক বছর ধরেই একাধিকবার উঠেছে তার বিয়ের গুঞ্জন। অনেকে গোপন বিয়ের পর হানিমুনেও পাঠিয়েছেন নায়িকা। তবে শেষ পর্যন্ত সবই মিথ্যে বলে প্রমাণ হয়েছে। সম্প্রতি আবারও হঠাৎই আনুশকার বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এসব খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণি সিনেমার এ নায়িকা। ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় কড়া বার্তাও দিয়েছেন তিনি। সম্প্রতি শোনা যাচ্ছিল, এক ব্যবসায়ীর সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। এমনকি দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনের প্রস্তুতিও চলছে, এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। তবে এসব গুঞ্জন প্রকাশ্যে আসতেই তা অস্বীকার করে আনুশকার টিম। এক লিখিত বিবৃতিতে তারা জানায়, সঠিক তথ্য ও গুজবের মধ্যে পার্থক্য থাকা জরুরি। কোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে খবর প্রকাশের আগে অন্তত আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এ ধরনের সংবেদনশীল বিষয়ে কিছু সীমারেখা মেনে চলা প্রয়োজন। একই সঙ্গে নারী শিল্পীদের প্রতি সমান সম্মান প্রদর্শনের আহ্বানও জানানো হয়েছে। এদিকে এই গুঞ্জনের জেরে সামাজিক মাধ্যমে আনুশকার বয়স নিয়েও নানা আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে তার টিম। তাদের প্রশ্ন, ৪৪ বছর বয়সকে কেন বারবার সামনে আনা হচ্ছে? এই বয়সে বিয়ে করা কি অস্বাভাবিক? তাদের মতে, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমন আলোচনা খুব কমই দেখা যায়। ফলে নারী শিল্পীদের প্রতি ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে কি না সে প্রশ্নও তুলেছেন তারা। এলআইএ